কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক পলাতক নেতার সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার (এসপি) মো. জাহাংগীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরী।
আজ সন্ধ্যায় তিনি প্রথম আলোকে বলেন, এসপি জাহাংগীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মো. জাহাংগীর আলমের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
সূত্র: প্রথম আলো