সম্প্রতি সুইডেনে আমাকে একটি বড় সার্জারির অভিজ্ঞতা নিতে হয়েছে। রোগটি শুরু থেকে আমার জানা ছিল না, শরীরে এর কোনো স্পষ্ট প্রভাব বা লক্ষণও পরিলক্ষিত হয়নি, অর্থাৎ কোনো ধরনের যন্ত্রণা বা অন্য কোনো উপসর্গ দেখা যায়নি। পেটে ইনফ্লামেশন আছে এবং এর প্রকৃতি নির্ধারণ করার জন্য কিছু পরীক্ষা–নিরীক্ষা চলছিল। এরই মাঝে ডাক্তার অপ্রত্যাশিতভাবে আবিষ্কার করলেন আমার কিডনিতে একটা ছোট আকারের টিউমার আছে।
ডাক্তার বেশ কিছু পরীক্ষা করে অভয় দিলেন যে ভয়ের কিছু নেই, এটি অনেক ছোট, কিন্তু আমাদেরকে আরও পরীক্ষা করে দেখতে হবে এটি কতটা ক্ষতিকর? যদি ক্ষতিকর না হয় তাহলে টিউমার যেভাবে আছে সেভাবেই থাকবে, আমরা কিছু করব না।ডাক্তারের কথা শুনে মনে সাহস সঞ্চয় হয়েছে কিছুটা, কিন্তু ভয়ও লাগছে, হঠাৎ করেই কিডনির মতো জায়গায় কিছু একটার জন্ম হয়েছে, যা আমি জানি না। আবার টিউমার নিজেও কোনো উৎপাত করছে না।
ডাক্তার বায়োপসি করার জন্য একটি সময় নির্ধারণ করলেন।
সূত্র: প্রথম আলো