গ্রেপ্তার আরাফাত হোসেনঅনলাইন জুয়ার ওয়েবসাইটে নিজের ব্যাংক হিসাব ভাড়া দিয়ে কোটি কোটি টাকার লেনদেনে সহযোগিতা করতেন আরাফাত হোসেন (২২)। এসব লেনদেনের বিপরীতে কমিশন রেখে বাকি টাকা বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করা হতো। পরে ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে ডলারে রূপান্তর করে অর্থ বিদেশে পাচার করা হতো বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গতকাল সোমবার যশোর থেকে আরাফাত হোসেনকে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সিআইডির দাবি, তাঁর ছয়টি ব্যাংকের আটটি ব্যক্তিগত হিসাব অনলাইন জুয়ার ওয়েবসাইটের সঙ্গে যুক্ত ছিল। এ ছাড়া নিজের বোনের বিকাশ হিসাব ব্যবহার করেও জুয়ার টাকা জমা ও উত্তোলন করতেন তিনি।সিআইডি জানায়, নিয়মিত সাইবার মনিটরিংয়ের সময় দেশ ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন বেটিং ও জুয়ার ওয়েবসাইটের কার্যক্রম শনাক্ত করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এসব সাইটের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল।
সূত্র: প্রথম আলো