বাংলাদেশে স্বাস্থ্যসেবা ব্যয়ের বড় অংশই বহন করতে হয় ব্যক্তিকে। বিশ্বে গড় ব্যক্তিগত স্বাস্থ্য ব্যয় যেখানে ১৮ শতাংশ, সেখানে বাংলাদেশে মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭০ শতাংশ আসে মানুষের নিজস্ব পকেট থেকে। স্বাস্থ্যসেবা পেতে এই উচ্চ ব্যয় পরিবারগুলোকে আর্থিক ঝুঁকিতে ফেলে দেয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের এক গবেষণায় সম্প্রতি উঠে এসেছে, চিকিৎসার খরচ মেটাতে গিয়ে দেশের প্রায় ৪২ শতাংশ মানুষ আর্থিক চাপে পড়ছে।
শুধু ২০২২ সালে স্বাস্থ্য খাতে এই ব্যয়ের কারণে ৭২ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে।এসব তথ্যই বলে দেয়, পরিবারের কেউ অসুস্থ হলে সেটা কত বড় বিপর্যয়ের কারণ হয়ে উঠছে। বাংলাদেশের চিকিৎসা খাতের এই উদ্বেগজনক চিত্র আরও একবার স্পষ্ট হলো বাংলাদেশ হেলথ ওয়াচের প্রতিবেদনে।
১৫ নভেম্বর রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘দুর্নীতির মোকাবিলা: বাংলাদেশের স্বাস্থ্য খাতে সুশাসন জোরদারকরণ’ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে, চিকিৎসা নিতে গিয়ে প্রতিদিন মানুষকে ছোট ছোট দুর্নীতির মুখে পড়তে হয়।
সূত্র: প্রথম আলো