একই সময়ে দুজনের জীবন কাটছে দুই ভুবনে। একজন ইতালির ফুটবল মাঠে নিজের পরিচয় তৈরি করার চেষ্টা করছেন। আরেকজন সাও পাওলোর কারাগারে বসে ছেলের ফুটবল–জীবনের দিকে তাকিয়ে আছেন। একজনের সামনে ইউরোপিয়ান ফুটবলে নিজেকে প্রমাণ করার হাতছানি। অন্যজনের সামনে দীর্ঘ কারাবাসের বাস্তবতা। অথচ তাঁদের পরিচয় এক সুতোয় বাঁধা। একজন বাবা, অন্যজন ছেলে। বাবার নাম রবিনিও।
ছেলের নাম রবিনিও জুনিয়র।একসময় ব্রাজিলের ফুটবলপ্রেমীরা স্বপ্ন দেখতেন, রবিনিও একদিন পেলের মতো হবেন। পায়ের জাদুতে মুগ্ধ করবেন পুরো বিশ্বকে। কিন্তু প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি নেইমারের আগে ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে আলোচিত প্রতিভাদের একজন। ফুটবল–জীবনের শেষ অধ্যায়টাও লেখা হয়েছে এক কলঙ্কিত ঘটনায়। ধর্ষণের মামলায় ৯ বছরের কারাদণ্ড নিয়ে এখন কারাগারে দিন কাটছে তাঁর।
আর সেই কারাগারের বাইরে, ফুটবল মাঠে বাবার নামের ভার নিয়েই এগিয়ে চলেছেন ছেলে।
সূত্র: প্রথম আলো