গোপালগঞ্জ জেলা সদর থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে ঘোনাপাড়া মোড় পেরোতেই সড়কে পড়ে আছে গাছের গুঁড়ি। সড়কের ওপর আড়াআড়িভাবে ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুদূর এগিয়ে নীলফা বাজার এলাকায় গোপালগঞ্জ-পাটগাতী সড়কের ওপর পড়ে আছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পুড়ে যাওয়া তিনটি গাড়ির ধ্বংসাবশেষ। পোড়া অংশ ছড়িয়ে-ছিটিয়ে আছে সড়কের ওপর।
সেখান থেকে আরও কিছুদূরে কিমাডাঙ্গা মোড়ে অন্তত ৫০০ মিটার সড়কজুড়ে ফেলে রাখা হয়েছে গাছের গুঁড়ি।এটি আজ বুধবার সকাল আটটার চিত্র। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। সন্ধ্যার পর তাঁরা মিছিল নিয়ে প্রথমে থানা ঘেরাও করেন। পরে থানায় হামলা ও থানা চত্বরে একাধিক গাড়িতে আগুন দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।সরেজমিনে দেখা যায়, থানার ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পোড়া গাড়ি, আসবাব, কম্পিউটার ও বিভিন্ন সরঞ্জামের ধ্বংসাবশেষ।
সূত্র: প্রথম আলো