শিশু-কিশোর থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের ভিড় লেগে থাকে দত্তের বাজারের মিষ্টির দোকানগুলোতে। থরে থরে সাজানো হরেক রকমের সুস্বাদু মিষ্টান্ন নিয়ে বসেন দোকানিরা। রসগোল্লা, জিলাপি, গজা, খাজা, নিমকি, খুরমা ও মোয়ার মিষ্টি সুবাসে ম-ম করে পুরো হাট প্রাঙ্গণ।হাটে আসা ক্রেতা-বিক্রেতারা বাজার-সদাই করার ফাঁকে মিষ্টির দোকানগুলোতে ঢুঁ মারেন। কেউ দোকানে বসেই স্বাদ নেন, কেউবা পরিবারের সদস্যদের জন্য প্যাকেট করে বাড়ি নিয়ে যান।
অনেক শিশু-কিশোরের কাছে হাটে আসার অন্যতম প্রধান আকর্ষণই হলো এই মজাদার মিষ্টি খাওয়া।কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে বাবার সঙ্গে হাটে এসেছিল ছেলে রাকিব। সে বলে, ‘প্রতি হাটেই আমি বাবার সঙ্গে আসি। এখানকার রসগোল্লা, জিলাপি আর খাজা আমার খুব পছন্দের। এখানে বসে মিষ্টি খাই, আবার বাসার জন্যও কিনে নিয়ে যাই।’মিষ্টির দোকানগুলোতে মূলত বিকেলের পর থেকে লোকসমাগম বাড়তে থাকে।
ক্রেতাদের কেউ কেনাকাটার মাঝপথে নাশতার বিরতি নেন, আবার কেউ বাজার শেষে বাড়ি ফেরার আগে পরিবারের জন্য মিষ্টান্ন কেনেন।
সূত্র: প্রথম আলো