বাংলাদেশ পুলিশে বড় আকারের জনবল নিয়োগের সব প্রশাসনিক জটিলতা কেটে গেছে। নতুন করে ১০ হাজার কনস্টেবল এবং সরাসরি চার হাজার উপপরিদর্শক (এসআই) নিয়োগের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। মোট ১৪ হাজার নতুন এই জনবল নিয়োগের ক্ষেত্রে এখন আর কোনো বাধা নেই। জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও সচিব কমিটির অনুমোদনসহ সব ধরনের দাপ্তরিক প্রক্রিয়া এরই মধ্যে শেষ হয়েছে।
ফলে বাংলাদেশ পুলিশ যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে এই নিয়োগের কার্যক্রম শুরু করতে পারবে।দীর্ঘদিন ধরে যাঁরা পুলিশ বাহিনীতে যোগদানের জন্য প্রস্তুতি নিচ্ছেন, চূড়ান্ত এই অনুমোদনের মাধ্যমে তাঁদের সামনে বড় সুযোগ তৈরি হলো। বিশেষ করে এবারই প্রথমবারের মতো পুরো চার হাজার এসআই পদে সরাসরি নিয়োগ দেওয়া হচ্ছে। এ জন্য পুলিশ প্রবিধান (পিআরবি) সংশোধন করা হয়েছে।
আগে এসআই পদের ৫০ শতাংশ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ সরাসরি নিয়োগ হতো।
সূত্র: প্রথম আলো