ইংল্যান্ডের সঙ্গে লর্ডসে টেস্ট খেলার ঘোষণা এসেছে আগেই। তবে শুধু এটুকুই নয়, ঐতিহাসিক এই মাঠে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টুয়েন্টিও খেলবে বাংলাদেশ। আগামী ৩ জুন নেপাল ও বাংলাদেশের এই ম্যাচটি আয়োজনের ঘোষণা দিয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠান এমসিসি জানিয়েছে, ২০২৭ সালের ৩ জুন লর্ডসে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল।
সেই দিনই মাঠটিতে অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের ঘরোয়া টি-টুয়েন্টি ব্লাস্টের একটি ম্যাচও। লর্ডসের ইতিহাসে এই প্রথম একই দিনে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের দুটি ম্যাচ আয়োজন করা হবে।বাংলাদেশ ও নেপালের সমর্থকেরা যেন সরাসরি টেলিভিশনে ম্যাচটি দেখতে পারেন, সেটি বিবেচনায় নিয়ে ম্যাচের সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছে এমসিসি। বাংলাদেশ আগামী বছরের মে মাসের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে।
১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে তারা।
সূত্র: প্রথম আলো