মজুরি বৃদ্ধির আন্দোলনে সহিংসতা, ভাঙচুর ও কাজে ব্যাঘাতের খবরে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশ কার্যালয়।আইএলও আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, সহিংসতা, ভাঙচুর ও কাজ ব্যাহত হওয়ার খবর এবং শ্রমিক, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পসম্পর্কের ওপর গুরুতর প্রভাব নিয়ে তারা উদ্বিগ্ন।
উত্তেজনা প্রশমন এবং নিম্নতম মজুরি বোর্ডকে তার নির্ধারিত দায়িত্ব অনুযায়ী সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ দিতে সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনা ও শান্তিপূর্ণ উপায় অবলম্বনের আহ্বান জানিয়েছে তারা।বিবৃতিতে বলা হয়েছে, আইএলও বাংলাদেশের তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ প্রক্রিয়া এবং চলমান অস্থিরতাসহ সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহ গভীর মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
শ্রমিক, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্প সম্পর্কের ওপর এই অস্থিরতার প্রভাবও সংস্থাটির বিশেষ বিবেচনায় রয়েছে।তৈরি পোশাকশিল্পে নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ নির্ভরযোগ্য তথ্য-উপাত্তের ভিত্তিতে করার ওপর জোর দিয়েছে আইএল।
সূত্র: প্রথম আলো