ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন, দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ যেভাবে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, সেই ভাষাতেই এখন থেকে ছাত্রদল তাদের জবাব দেবে।আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন রাকিবুল ইসলাম। এর আগে দেশজুড়ে ‘সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ মিছিল’ করে ছাত্রদল।
বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিলটি টিএসসি, নীলক্ষেত, কাঁটাবন ও শাহবাগ হয়ে টিএসসিতে এসে শেষ হয়।মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।
মিছিলে অংশ নেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের কয়েক শ নেতা–কর্মী।সমাবেশে রাকিবুল ইসলাম বলেন, বিচার ও রায় কার্যকর না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোনো ধরনের নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে ছাত্রদল সেটা রাজপথে প্রতিহত করবে।
সূত্র: প্রথম আলো