নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার এক নেতাকে আটকের পর মারধর করে কোতোয়ালি থানা–পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা।বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে শাকিল খান নামের ওই শিক্ষার্থীকে আটক করা হয়।
শাকিল ওই বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিভাগীয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।বিভাগীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ওই নেতা বিশ্ব দর্শন দিবস উপলক্ষে আয়োজিত নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে ক্যাম্পাসে এসেছিলেন। খবর পেয়ে ছাত্রদলের নেতা–কর্মীরা সেখানে গিয়ে তাঁকে আটক করেন। তখন শাকিলের বন্ধু–সহপাঠীরা তাঁদের বাধা দেন।
পরে শাকিলকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ ও তাঁর মুঠোফোন জব্দ করা হয়।শাকিলকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা।
সূত্র: প্রথম আলো