রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত মোহাম্মদপুর, মিরপুর ও আগারগাঁওয়ে পৃথক আটটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর মধ্যে শ্যামলী মোড়ে পুলিশের তল্লাশিচৌকিতে চারটি ককটেলসহ মো. রাসেল (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, রাসেল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জুয়েল রানা প্রথম আলোকে বলেন, রাত পৌনে ৯টার দিকে শ্যামলী মোড়ে নিরাপত্তাচৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এ সময় দুটি মোটরসাইকেলে তিন যুবক তল্লাশিচৌকির কাছ দিয়ে যাওয়ার সময় পুলিশ তাঁদের থামায়। একপর্যায়ে দুই যুবক দৌড়ে পালিয়ে যায়। অন্য যুবক রাসেলের ব্যাগে তল্লাশি চালিয়ে চারটি ককটেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাসেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সূত্র: প্রথম আলো