গত ১৫ দিনে খুচরায় নাজিরশাইল চালের দাম কেজিতে তিন–চার টাকা বেড়েছে।ফুলকপি ও বাঁধাকপি প্রতিটির দাম ১০ টাকা বেড়েছে।বৃষ্টিতে বাজারে ক্রেতা কম, কমেছে ব্যবসায়ীদের বিক্রিবাট্টাও।রাজধানীর বাজারে বেড়েছে সরু চালের দাম। গত ১৫ দিনের ব্যবধানে বিভিন্ন ব্র্যান্ডের নাজিরশাইল চালের দাম কেজিতে তিন থেকে চার টাকা বেড়েছে। একই সময়ে মিনিকেট চালের দামও বেড়েছে কেজিতে এক থেকে দুই টাকা।
অপরিবর্তিত রয়েছে মোটা চালের দাম।এদিকে বৃষ্টি ও দেশের বর্তমান পরিস্থিতির কারণে কিছু এলাকা থেকে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমে যাওয়ায় ফুলকপি, বাঁধাকপি ও শিমের দাম বেড়েছে। তবে শীতের অন্যান্য সবজির দাম অনেকটা স্থিতিশীল। নতুন আলুর দামও কিছুটা কমেছে।
অন্যদিকে গতকাল সারা দিন বৃষ্টির কারণে বাজারে ক্রেতার উপস্থিতি কম থাকায় বিক্রিবাট্টা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও আগারগাঁওয়ের তালতলা বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।বাজারে সাধারণত মিনিকেট ও মাঝারি চালের চাহিদা বেশি থাকে।
সূত্র: প্রথম আলো