হাসান মাহমুদ এই জ্বালা বোঝেন। একটা ‘নো’ বলে কী হয়!জোহানেসবার্গ টেস্টে ডেন প্যাটারসনকে বোল্ড করে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার ৫ উইকেট পাওয়ার আনন্দে মেতেছিলেন বাংলাদেশের এই পেসার। কিন্তু মুহূর্তেই সেই আনন্দে জল ঢেলে দেয় আম্পায়ারের ‘নো’ সংকেত। রিপ্লেতে দেখা যায়, ডেলিভারির সময় ক্রিজের বিপদসীমা পেরিয়ে গিয়েছিলেন হাসান। ফলে ৫ উইকেটের মাইলফলক ছোঁয়া হয়নি তাঁর।একই টেস্টে ‘নো’ বলের কারণে উইকেটবঞ্চিত হয়েছিলেন তাসকিন আহমেদও।
৪ রানে বেঁচে যাওয়া জুবায়ের হামজা শেষ পর্যন্ত করেছিলেন ৮৩ রান। দ্বিতীয় ইনিংসে ইবাদত হোসেনও এইডেন মার্করামকে বোল্ড করেও উইকেট পাননি নো বলের কারণে।ক্রিকেটে নো বল মানে শুধু একটি বাড়তি রান নয়। ওয়ানডে ও টি–টুয়েন্টিতে আছে ফ্রি হিটের হিসাব। টেস্টে তা নেই। তবে টেস্টে তো উইকেটের মূল্য অনেক বেশি। ‘নো’ বলে প্রতিপক্ষের কেউ বেঁচে গেলে তা ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। জোহানেসবার্গ টেস্ট যার মোক্ষম উদাহরণ।
৯ উইকেটে হারের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন যে সব কারণের কথা উল্লেখ করেছেন, তার একটি ‘নো’।
সূত্র: প্রথম আলো