অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটকের এক দিনের মধ্যেই এবার গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে ছোটপর্দার অভিনেতা তমাল মাহবুবকে। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর আজিমপুর কবরস্থান–সংলগ্ন একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তবে এখনো তাঁকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম তমাল মাহবুবকে আটকের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, তমাল মাহবুবকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তাঁকে এখনো কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। এর আগে গতকাল দিবাগত রাতে সংবাদমাধ্যমকে শফিকুল ইসলাম জানিয়েছিলেন, রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুর এলাকা থেকে তমাল মাহবুবকে আটক করা হয়। পরে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
প্রাথমিকভাবে আটকের কারণ সম্পর্কে বিস্তারিত না জানালেও পরে শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, তমাল মাহবুবের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং আলোচিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এই অভিনেতার বিরুদ্ধে।
সূত্র: প্রথম আলো