ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) রাজনৈতিক কর্মকাণ্ডের স্বাভাবিক পরিসরে ফিরিয়ে আনার আহ্বান জানাননি বলে দাবি করেছে তাঁর দল। চরমোনাই পীরের সাম্প্রতিক একটি বক্তব্যের ব্যাখ্যা দিয়ে দলটি বলেছে, তাঁর বক্তব্যের একটি অংশ খণ্ডিতভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
আজ শুক্রবার ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য কে এম শরীয়াতুল্লাহর পাঠানো এক বিবৃতিতে বলা হয়, চরমোনাই পীর আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ড, জ্বালাও-পোড়াও, সহিংসতা, অগ্নিসংযোগ ও প্রাণহানির তীব্র সমালোচনা করেছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশ ও জনগণের যে ক্ষতি হচ্ছে, তা বন্ধ করার বিষয়ে তিনি সুস্পষ্ট অবস্থান জানিয়েছেন।
একই সঙ্গে দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।বিবৃতিতে বলা হয়, চরমোনাই পীরের বক্তব্যের একটি অংশ বিচ্ছিন্নভাবে উপস্থাপন করে এমন ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে তিনি আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক পরিসরে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন কিংবা দলটির কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছেন।
সূত্র: প্রথম আলো