কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক ব্যাংক এজেন্টের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মধ্যমপাড়া এলাকায় একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির নাম রেদোয়ান হোসেন (রিফাত)। তিনি মধ্যমপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখা পরিচালনা করতেন রেদোয়ান (৩৫)।
গত মঙ্গলবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। আটক তরুণের নাম আবরাদ হাসান (সজিব)। তিনি কিশোর গ্যাং সদস্য বলে স্থানীয় সূত্রে জানা গেছে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে লালমাই বাজারে রেদোয়ানের সঙ্গে আবরাদের সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই দিন রাত থেকে রেদোয়ান নিখোঁজ ছিলেন।
বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে বাবা দেলোয়ার হোসেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সূত্র: প্রথম আলো