বিয়ের জন্য পাত্রী দেখানোর কথা বলে আলমগীর হোসেনকে (৩৯) বাড়ি থেকে ডেকে নিয়েছিলেন তাঁর দুই বন্ধু। পরে আলমগীরের ভাই ও ভাবির পরিকল্পনা অনুযায়ী ওই বন্ধুরা আরও দুই ভাড়াটে ব্যক্তিকে নিয়ে তাঁকে হত্যা করেন।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি খড়ের স্তূপ থেকে একজনের অর্ধগলিত লাশ উদ্ধারের পর তদন্তে এই হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।পিবিআই বলছে, স্বর্ণালংকার নিয়ে বিরোধের জের ধরে আপন ভাই ও ভাবির ষড়যন্ত্রে খুন হয়েছেন আলমগীর হোসেন। তাঁর বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরছড়ি গ্রামে।
তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর এলাকায় দেলোয়ার উকিলের বাসায় ভাড়া থেকে বিভিন্ন এলাকায় বাদাম-বুট ফেরি করে জীবিকা নির্বাহ করতেন।পাত্রী দেখার কথা বলে ১১ নভেম্বর আলমগীরকে বাসা থেকে ডেকে নেন তাঁর দুই বন্ধু মো. সাদ্দাম হোসেন (৩৩) ও মো. শফিকুল ইসলাম (৩৩)।
সূত্র: প্রথম আলো