হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্ত দিয়ে আওয়ামী লীগের পলাতক নেতা-কর্মীদের অবৈধ অনুপ্রবেশ এবং দেশে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিরোধের ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ (প্রিন্স)।
তিনি বলেছেন, সীমান্তবর্তী জনপদকে কোনোভাবেই নাশকতার ক্ষেত্র হতে দেওয়া যাবে না।শুক্রবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী ভুবনকুড়া ইউনিয়নের তেলিখালী ও মাজরাকুড়া বাজারে পৃথক দুটি পথসভায় এমরান সালেহ এসব কথা বলেন।এর আগে হালুয়াঘাট বাজার থেকে ভুবনকুড়ার তেলিখালী পর্যন্ত ১৩ কিলোমিটার সীমান্ত সড়কে মোটরসাইকেল মিছিলের নেতৃত্ব দেন এমরান সালেহ।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ভুবনকুড়া ইউনিয়ন বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।পথসভায় এমরান সালেহ বলেন, গণ-অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের একটি অংশ ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
সূত্র: প্রথম আলো