খুলনার তেরখাদায় মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মাফিজুর রহমানকে (৪৭) গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে উপজেলার উত্তর মোকামপুর এলাকায় এ ঘটনা ঘটে। মাফিজুর রহমানের বাঁ হাত, ডান পা ও বাঁ পাঁজরের নিচে গুলি লেগেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাফিজুর রহমান মোকামপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন।
পথে মিকাইলের স মিলের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়ে। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।স্থানীয় লোকজন গুলিবিদ্ধ মাফিজুর রহমানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।মাফিজুর রহমান তেরখাদা উপজেলার উত্তর মোকামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে পুলিশের কার্যক্রম চলছে।২২ অক্টোবর থেকে ২২ নভেম্বর পর্যন্ত গত এক মাসে খুলনায় অন্তত ১৫টি গুলির ঘটনা ঘটেছে।
সূত্র: প্রথম আলো