ঢাকার সাভার উপজেলার সাভারে শ্রম আইনের ১৩ (১) ধারায় ২১টি কারখানা বন্ধ আছে। ‘কাজ নেই, মজুরি নেই’ (‘নো ওয়ার্ক, নো পে’) নিয়মে এসব কারখানা বন্ধ করা হয়েছে। ফলে কারখানা বন্ধ থাকায় শ্রমিকেরা মজুরি পাবেন না।এ ছাড়া কারখানায় এসে কাজ না করায় ১৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।আজ রোববার বেলা দেড়টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ–১–এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এক খুদে বার্তায় এসব তথ্য জানান।
মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভার ও আশুলিয়ায় শ্রম আইনের ১৩ (১) ধারায় ২১টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া দুটি কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। সকালে শ্রমিকেরা কারখানায় উপস্থিত হলেও কাজ না করায় দুপুর পর্যন্ত ১৫টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের জেরে সাভার ও আশুলিয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
তবে অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করছেন শ্রমিকেরা।
সূত্র: প্রথম আলো