জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দিল্লির ইশারায় একটি আধিপত্যবাদী শক্তি এ দেশে অপশক্তিকে আবার সক্রিয় করে তুলছে। রাষ্ট্রের মধ্যে আরেকটি শক্তির দাপট দেখাচ্ছে। গোপালগঞ্জে টানা সংঘর্ষ, অবরোধ, অগ্নিসংযোগ এমনকি পুলিশের গাড়িতে ও থানায় আগুন দেওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে জামায়াতের এই নেতা বলেন, বাংলাদেশে অনেক রাজনৈতিক সহিংসতা দেখা গেছে।
কিন্তু থানা থেকে পুলিশকে থালাবাসন, রাইফেল, বন্দুক ও বিছানাপত্র নিয়ে পালিয়ে যেতে দেখা যায়নি। এখন পুলিশকে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। মিছিল থেকে গাড়ি ভাঙচুর হচ্ছে, পুলিশের ওপর হামলা হচ্ছে। কয়েকটি জেলায় তাণ্ডব চালানো হচ্ছে। মহাসড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করা হচ্ছে।
এসব ঘটনা একটি রাষ্ট্রের মধ্যে আরেকটি শক্তির দাপট দেখাচ্ছে।আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক অনুষ্ঠানে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।
সূত্র: প্রথম আলো