দিনভর ঝরে যাওয়া বৃষ্টির রেশ তখনো প্রকৃতির গায়ে লেগে আছে। স্নিগ্ধ ও ধোয়া-মোছা সেই বিকেলে পাবনা প্রেসক্লাব মিলনায়তন ভরে ওঠে গান, কবিতা ও প্রাণের উচ্ছ্বাসে। প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে পাবনা বন্ধুসভা।
২০ নভেম্বর বিকেলে আয়োজিত এই মিলনমেলায় উপস্থিত সুহৃদ, পাঠক ও শুভানুধ্যায়ীদের চোখেমুখে ছিল মুগ্ধতার আভা।বন্ধুসভার সদস্যদের কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর পাবনা প্রতিনিধি সরোয়ার মোর্শেদ।
শুভেচ্ছা বক্তব্যে নিজেদের অনুভূতি ও প্রত্যাশার কথা তুলে ধরেন শহীদ বুলবুল সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আখতার জামান, পাবনা প্রেসক্লাবের সভাপতি মো. আখতারুজ্জামান এবং বন্ধুসভার সভাপতি রাশিদুল ইসলাম।শহীদ বুলবুল সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আখতার জামান পত্রিকাটির সঙ্গে পাঠকের আত্মিক সম্পর্কের চিত্র তুলে ধরেন।
সূত্র: প্রথম আলো