২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। একই সঙ্গে দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, নিশ্চায়ন, মাইগ্রেশন ও চূড়ান্ত ভর্তির সময়সূচিতে পুনর্বিন্যাস করা হয়েছে।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিপুলসংখ্যক শিক্ষার্থী নির্ধারিত সময়ে নিশ্চায়ন বাতিল না করা এবং ভর্তি সম্পন্ন না করায় সৃষ্ট জটিলতা নিরসনে দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রমের সময়সূচি পুনর্বিন্যাস করা হয়েছে।
শিক্ষার্থীদের একাদশ শ্রেণির ভর্তিসংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করতে হবে।
সূত্র: প্রথম আলো