৩ নভেম্বর রাত নয়টা। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার খাসেরহাট বাজারে ওয়ার্ড কার্যালয়ে বসে ছিলেন বিএনপি নেতা এবাদ উল্যা গাজী। একপর্যায়ে কার্যালয়ের পেছনের বাগানে গেলে তাঁর ওপর হামলা হয়। ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় তাঁকে। চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন। তাঁরা হামলাকারীদের একজনকে ধরে ফেলেন। এর আগে তিনি পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পিটুনির পর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আটক ওই ব্যক্তি নিজের নাম বলেন সাইফুল ইসলাম সুজন, বাড়ি ভোলায়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে, তাঁর প্রকৃত নাম নাজমুল হাসান মামুন। তিনি উগ্রবাদী সংগঠন নব্য জেএমবির সদস্য, পরিচিত ‘বোমারু মামুন’ নামে। এবাদ উল্যা গাজী রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। হামলার পর হাসপাতালে চিকিৎসা নিলেও এখনো পুরোপুরি সুস্থ হননি তিনি।
এবাদ উল্যা গাজীর দাবি, দলীয় প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যার জন্য বোমারু মামুনকে ভাড়া করেছিলেন।
সূত্র: প্রথম আলো