একাধিকবার পরিষ্কারের পরও পলিথিন ও ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাচ্ছে রাজধানীর কুতুবখালী খাল। জলাবদ্ধতা কমাতে খালটির দক্ষিণ ও উত্তর অংশে আবার পরিষ্কার ও পুনঃখননের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আগামী দুই মাসে খালটি থেকে প্রায় ১১ হাজার ১৪৫ ঘনমিটার বর্জ্য ও পলি সরানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে উত্তর যাত্রাবাড়ীতে এ কাজের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।
দক্ষিণ কুতুবখালী খালের দোলাইরপাড়ের গোলাপবাগসংলগ্ন এলাকা থেকে যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত এবং উত্তর কুতুবখালী খালের মহাসড়ক থেকে শনির আখড়া আন্ডারপাস পর্যন্ত মোট ১ দশমিক ৯৭৫ কিলোমিটার অংশ পরিষ্কার ও পুনঃখনন করা হবে। খালের দুই পাড়ে গাছও লাগানো হবে।ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০ ও ৬২ নম্বর ওয়ার্ডের এই কাজ শেষ হলে খালের পানিপ্রবাহ সচল হবে এবং জলাবদ্ধতা কমবে।
সংস্থাটির হিসাবে, এতে এলাকার প্রায় ১৫ লাখ মানুষ উপকৃত হবেন।
সূত্র: প্রথম আলো