কয়েক সেকেন্ডের একটি মুহূর্ত; কিন্তু আলোকচিত্রে তা থেকে যায় যুগের পর যুগ। মানুষের দৈনন্দিন জীবনের সংবেদনশীল পর্যবেক্ষণ এবং সাধারণ ঘটনার মধ্যে অসাধারণ গল্প খুঁজে পাওয়ার অনুপ্রেরণা জাগায় প্রতিদিনের এমন সব ছবি নিয়ে ঢাকায় চলছে দেশের প্রথম জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসব।
এতে উঠে এসেছে তরুণ আলোকচিত্রীদের ভাবনা, সৃজনশীলতা ও ভিন্ন দৃষ্টিভঙ্গি।দেশের ৫২টি বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় ৭০০ শিক্ষার্থী উৎসবে জমা দেন ২ হাজার ৭২১টি ছবি। সেখান থেকে বাছাই করা ৪৪টি ছবি নিয়ে সাজানো হয় প্রদর্শনী। পাশাপাশি ডিজিটাল স্ক্রিনিংয়ে দেখানো হয় আরও ৫০টি ছবি। গত শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে পাঁচ দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন হয়।
ফ্রেঞ্চ উইক ২০২৬-এর অংশ হিসেবে আয়োজিত এই উৎসব শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার।
সূত্র: প্রথম আলো