তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য গঠিত মজুরি বোর্ডের সভা পৌনে ৯ ঘণ্টা হওয়ার পর মুলতবি হয়েছে। সোমবার দুপুর পৌনে ১২টায় শুরু হয়ে দুবার বিরতি দিয়ে রাত সাড়ে আটটা পর্যন্ত এ সভা চলে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সভা শেষে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের বলেন, ‘আজকের সভা আমরা মুলতবি করেছি।
কাল মঙ্গলবার বেলা দুইটায় এই মুলতবি সভা আবার শুরু হবে।’ রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি সভাপতিত্ব করেন।
নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব সভায় যোগ দেন।এ ছাড়া মালিকপক্ষের প্রতিনিধির বিশেষজ্ঞ হিসেবে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধির বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম সভায় উপস্থিত ছিলেন।সভায় মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব দিয়েছে।
সূত্র: প্রথম আলো