প্রতিবেশী বাল্টিক দেশ এস্তোনিয়ার বিরুদ্ধে একের পর এক বৈরী কর্মকাণ্ডের অভিযোগ তুলে প্রকাশ্য যুদ্ধের হুমকি দিয়েছে রাশিয়া। গতকাল সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশটি এখন সরাসরি যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। সম্প্রতি এস্তোনিয়া রাশিয়ার সঙ্গে তাদের সব সীমান্তপথ বন্ধ করে দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছে। এ ছাড়া বাল্টিক সাগরে একটি রুশ জাহাজে ইউক্রেনের হামলার ঘটনাও ঘটেছে।
এর জেরে গতকাল সোমবার মস্কো থেকে এমন তীব্র প্রতিক্রিয়া এল। এস্তোনিয়ার সীমান্ত বন্ধের সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে মস্কোয় নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) মারেক উহতেগিকে তলব করে রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়।
এরপর এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, ‘এস্তোনীয় কূটনীতিককে আবারও স্পষ্ট করে জানানো হয়েছে, এ ধরনের উসকানিমূলক ও চরম বিপজ্জনক কর্মকাণ্ড রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ বাধানোর পরিস্থিতি তৈরি করছে।’এস্তোনিয়ার বিরুদ্ধে ‘রুশ-বিদ্বেষী’ আচরণ করার অভিযোগও করেছে মস্কো।
সূত্র: প্রথম আলো