বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে স্থানীয় উৎপাদন ও বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান হায়ার বাংলাদেশ লিমিটেড। এ জন্য উৎপাদন সক্ষমতা বাড়ানো, স্থানীয় সরবরাহব্যবস্থা উন্নত করা এবং আমদানিনির্ভরতা কমাতে চায় প্রতিষ্ঠানটি। রাজধানীর গুলশানে সম্প্রতি গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা জানান হায়ারের কর্মকর্তারা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।কর্মকর্তারা জানান, ২০২০ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে হায়ার। বর্তমানে গাজীপুরে নিজস্ব কারখানায় এয়ারকন্ডিশনার, ওয়াশিং মেশিন ও টেলিভিশন উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। চুক্তিভিত্তিক ব্যবস্থায় তৈরি করছে রেফ্রিজারেটর ও ফ্রিজার।
এ ছাড়া এয়ারকন্ডিশনারের কনডেনসার, ইভ্যাপোরেটর, টিউব ও বিভিন্ন কাঠামোগত অংশও স্থানীয়ভাবে তৈরি করছে তারা।হায়ার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্যান জিং বলেন, বিশ্বমানের উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তি দেশের প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য।
সূত্র: প্রথম আলো