প্রশান্ত মহাসাগরের তলদেশে অক্সিজেন তৈরির চমকপ্রদ তথ্য জানিয়েছেন গবেষকেরা। গভীর সমুদ্রে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কথা থাকলেও বরং বাড়ছে। শুনতে অবাক লাগলেও প্রশান্ত মহাসাগরের তলদেশে চালানো এক গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। নেচার জিওসায়েন্স জার্নালে এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে।গবেষকদের তথ্যমতে, প্রশান্ত মহাসাগরের তলদেশে অক্সিজেনের পরিবর্তনের মাত্রা পরিমাপের জন্য বেন্থিক চেম্বার ব্যবহার করা হয়েছে।
গবেষণা চলাকালে প্রশান্ত মহাসাগরের তলদেশে দুই দিনে অক্সিজেনের ঘনত্ব কমার বদলে বেড়েছে। ২৫টি চেম্বার পরীক্ষায় ৪৭ ঘণ্টার মধ্যে অক্সিজেনের মাত্রা প্রতি লিটারে গড়ে ১৮৫ দশমিক ২ মাইক্রোমোল থেকে বেড়ে সর্বোচ্চ ২০১ থেকে ৮১৯ মাইক্রোমোলে পৌঁছেছিল। এই অপ্রত্যাশিত অক্সিজেন তৈরির সঙ্গে গভীর সমুদ্রতলে থাকা পলিমেটালিক নডিউল বা ক্ষুদ্রাকৃতির পিণ্ডের যোগসূত্র পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, এসব পিণ্ডের পৃষ্ঠে থাকা বৈদ্যুতিক ভোল্ট সমুদ্রের পানিকে ভেঙে হাইড্রোজেন ও অক্সিজেনে পরিণত করতে সাহায্য করছে।প্রশান্ত মহাসাগরের ক্ল্যারিওন-ক্লিপারটন জোনের নাউরু ওশান রিসোর্সেস ইনকরপোরেটেড-ডি লাইসেন্স এলাকায় গবেষকেরা এই পরীক্ষা চালান।
সূত্র: প্রথম আলো