মহাকাশে সূর্য ও চাঁদের মহাকর্ষীয় টানের কারণে পৃথিবীতে জোয়ার-ভাটার সৃষ্টি হয়। মহাসমুদ্রের পাশাপাশি কঠিন ভূত্বকেও এ জোয়ারের প্রভাব কাজ করে থাকে। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে লক্ষ করেছেন যে জোয়ারের ক্ষুদ্র চাপ অনেক সময় ধীরগতির ভূমিকম্পের সূত্রপাত ঘটায়।
সম্প্রতি জেজিআর সলিড আর্থ সাময়িকীতে প্রকাশিত নতুন এক গবেষণা ফলাফলে এ অদ্ভুত ঘটনার পেছনের সুনির্দিষ্ট কারণ জানিয়েছেন ফ্রান্সের পিএসল বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী।বিজ্ঞানীদের তথ্যমতে, জোয়ারের ক্ষুদ্র চাপের মাত্রা খুবই কম এবং তা মানুষের হাতের মৃদু চাপের মতো হয়ে থাকে। তবু এ সামান্য চাপ কিছু কিছু চ্যুতি বা ফল্ট লাইনে ধীরগতির ভূমিকম্প বা স্লো আর্থকোয়েক ঘটাতে সক্ষম।
টেকটনিক প্লেটের সংযোগস্থলে ঘষা খাওয়া এবং পিছলে যাওয়ার প্রক্রিয়াগুলো বিজ্ঞানীরা স্প্রিং-ব্লক মডেল ও ফ্রিশন সমীকরণের সাহায্যে অনুকরণ করেছেন।
সূত্র: প্রথম আলো