নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. মাসুদুর রহমান শিপনকে (৫০) তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এই আদেশ দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর, যিনি ৪০০ কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন, সেই জাহাঙ্গীরের ভাগনে এই শিপন।
ঢাকা শহরকে অস্থিতিশীল করতে তাঁর ভূমিকা রয়েছে। এই মামলায় তাঁর সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় আদালত তাঁর রিমান্ড মঞ্জুর করেছেন। রাজধানীর তুরাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।১২ নভেম্বর তুরাগ থানাধীন দিয়াবাড়ি বউবাজার এলাকায় অভিযান পরিচালনা করে শিপনকে (৫০) গ্রেপ্তার করা হয়।
এরপর তাঁকে এই মামলায় কারাগারে পাঠানো হয়।১৬ নভেম্বর শিপনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হক।
সূত্র: প্রথম আলো