মিসরের রাজধানী কায়রোর একটি ব্যস্ত মহাসড়কে জ্বালানিবাহী ট্যাংকার দুর্ঘটনার পর ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২১ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যায় কায়রোর পুরোনো শহরের কেন্দ্রস্থলের উত্তরে ওয়াররাক এলাকায় রিং রোডের একটি অংশে এ দুর্ঘটনা ঘটে।
আগুনে দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের আশপাশের হাসপাতালগুলোয় চিকিৎসা দেওয়া হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাতের আকাশে আগুনের বিশাল শিখা আর কালো ধোঁয়া দেখা গেছে। দুর্ঘটনাস্থলের আশপাশের কয়েকটি গাড়িও আগুনে পুড়েছে।কীভাবে এ ভয়াবহ আগুন লেগেছে, সে সম্পর্কে স্থানীয় কর্তৃপক্ষ বিস্তারিত কিছুই জানায়নি।
তবে মিসরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর, জ্বালানিবাহী ট্যাংকারটি উল্টে গিয়ে আশপাশের গাড়ির ওপর পেট্রল ছড়িয়ে পড়েছিল।স্থানীয় সরকারি কৌঁসুলি তদন্ত শুরু করেছেন।
সূত্র: প্রথম আলো