চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনের দাবিতে আবারও কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার এ কর্মসূচি শুরু হয়েছে। সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত শাটডাউন চলবে বলে জানিয়েছেন তাঁরা। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা করেন শিক্ষার্থীরা। সভা শেষে শাটডাউন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সভায় তাঁরা বলেন, দুই মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। এ সময়ে কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হলেও সংকট নিরসনে কার্যকর ও টেকসই সমাধান আসেনি। এতে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।সভা শেষে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলক্বারনাইন মিহাদ বলেন, ‘এ পরিস্থিতিতে চুয়েটের সব শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষিতে বিদ্যমান সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আগামীকাল (আজ বৃহস্পতিবার) থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হলো।’গতকাল রাতে সভা শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
সূত্র: প্রথম আলো