রাজধানীর আদাবরে বাড়ি দখলের চেষ্টা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনায় করা মামলার দুই আসামি পুলিশের গুলিতে আহত হয়েছেন। পুলিশ বলেছে, অভিযান চালানোর সময় আসামিরা চাপাতি নিয়ে হামলার চেষ্টা করেছে। এ সময় পুলিশ পাল্টা গুলি চালিয়েছে।পরে গুলিতে আহত দুজনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ নিয়ে এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হলেন ১০ জন।আদাবর থানা-পুলিশ জানায়, গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে আদাবর থানাধীন নবোদয় হাউজিং এলাকার কাঁচা বাজারের পাশের খেলার মাঠের পেছনে খালপাড়ের ফাঁকা জায়গায় এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ দুজন হলেন রাজিব হাওলাদার (৩০) ও সাগর (২৪)। তাঁদের পায়ে গুলি লেগেছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার করার পর চিকিৎসার জন্য তাঁদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া অপর দুজন হলেন শাকিব (২৩) ও রাশেদ (২৪)।আদাবর থানা-পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের ধরতে রাত দুইটার দিকে সেখানে অভিযান শুরু করা হয়।
সূত্র: প্রথম আলো