হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর এক মাস পরও এই প্রশ্নের উত্তর মেলেনি। তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধারের ঘটনায় তিনটি সম্ভাবনা সামনে রেখে তদন্ত করছে নৌ পুলিশ। তাহসিফ বাসা থেকে বের হওয়ার পর কোথায় কোথায় গিয়েছিলেন, কারা তাঁর সঙ্গে ছিলেন, নদীর পাড়ে কী ঘটেছিল—এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। অন্তত ৪০ জনের বক্তব্য ও সাক্ষ্য নেওয়া হয়েছে।
চারটি গুরুত্বপূর্ণ স্থানের তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। মামলার তদন্ত সংস্থা নৌ পুলিশ বলেছে, তাহসিফের বাবা এ কে এম এনায়েতুল করিম হত্যা মামলাটি করেছেন। সেই মামলায় গ্রেপ্তার তাঁর বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার দীপ (২৩) ও পূর্বপরিচিত এক তরুণী এখন কারাগারে। তবে তাহসিফের মৃত্যু হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তা এখনো নিশ্চিত করতে পারেনি তদন্ত সংস্থা।
মামলার তদন্ত তত্ত্বাবধান করছেন নৌ পুলিশের প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. রেজাউল করিম।
সূত্র: প্রথম আলো