সরকার গঠিত মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণার পর দ্বিতীয় দিনের মতো গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ চলছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ সময় তাঁদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর নাওজোড় এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে একটি মোটরসাইকেল ভাঙচুর করেন শ্রমিকেরা।শ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন এসব পথে চলাচলকারী যাত্রীরা। এ ছাড়া শ্রমিক আন্দোলনের কারণে জেলার অন্তত ৩০টি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩২টি কারখানাও এখনো চালু হয়নি।বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন।
সূত্র: প্রথম আলো