রাজনৈতিক সংলাপের বিষয়ে সরকারের সঙ্গে জামায়াতে ইসলামীর যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সংলাপের দিনক্ষণ ঠিক হলে তাঁরা আনুষ্ঠানিকভাবে জানাবেন। আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।
এর আগে একই জায়গায় সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক হয়। বৈঠকের বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর সঙ্গে সরকারের যোগাযোগ আছে। সরকারের উদ্যোগে আয়োজিত সংলাপে কীভাবে যাবেন, সে প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ১১–দলীয় ঐক্য জোটগতভাবে সংলাপে অংশ নেবে।পরওয়ার বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
সূত্র: প্রথম আলো