বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও দলটির কর্মী মকবুল হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের সাবেক এডিসি মো. রাকিবুল হাসানকে (৩৭) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গ্রেপ্তারের সময় তিনি রাঙামাটিতে এপিবিএনে সংযুক্ত ছিলেন। ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান বলেন, শুনানিকালে আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। আসামিকে সিএমএম আদালতের হাজতখানায় নেওয়া হলেও এজলাসে তোলা হয়নি। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।এর আগে আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন। ওই আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ড সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন।
সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো