রাজধানীর পুরান ঢাকার টিকাটুলির হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে ঢুকে কর্মকর্তা–কর্মচারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়েছে। এতে হোটেলটির ব্যবস্থাপক নাঈমুর রহমান (২৩) নিহত হয়েছেন। নাঈমুরকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন হোটেলের মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মী মো. হাসান (২৬) আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।পুলিশ বলছে, আবাসিক হোটেলটির সামনে মুরগির দোকান আছে। এই দোকান থেকে একটি মুরগি গত রাতে হোটেলে ঢুকে পড়ে। এ নিয়ে হোটেলকর্মীদের সঙ্গে মুরগির দোকানের মালিক ও তাঁর ছেলের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা ছুরি নিয়ে হোটেলের কর্মকর্তা–কর্মচারীদের ওপর হামলা চালান। এতে হতাহতের ঘটনা ঘটে।নিহত নাঈমুরের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ।
তাঁর বাবার নাম মো. গোলাম মোস্তফা।নাঈমুরের খালাতো ভাই সাব্বির আহমেদের ভাষ্য, মুরগির দোকানের মালিক এনায়েত কাজী টিকাটুলির স্থায়ী বাসিন্দা।
সূত্র: প্রথম আলো