পরিচ্ছন্নতা ইসলামে শুধু একটি ভালো অভ্যাস নয়, এটি ইমান ও ইবাদতের অবিচ্ছেদ্য অংশ। নামাজের আগে অজু, শরীর ও পোশাকের পবিত্রতা কিংবা ইবাদতের স্থান পরিচ্ছন্ন রাখার বিধান তারই প্রমাণ। মহানবী (সা.) বলেছেন, ‘পবিত্রতা ইমানের অর্ধেক।’ (সহিহ মুসলিম, হাদিস: ২২৩)আমরা এ হাদিসকে সাধারণত ব্যক্তিগত পরিচ্ছন্নতার আলোচনায় উদ্ধৃত করি, অথচ এর সামাজিক তাৎপর্যও গভীর।
অন্য হাদিসে মানুষের চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়াকে সদকা ও ইমানের শাখা বলা হয়েছে। (সহিহ বুখারি, হাদিস: ২৯৮৯)অর্থাৎ জনপথ পরিচ্ছন্ন রাখা শুধু নাগরিক দায়িত্ব নয়, এটি সওয়াবের কাজও।অথচ ঢাকা ও দেশের অন্যান্য শহরের সড়ক, ফুটপাত, খাল কিংবা নর্দমার দিকে তাকালে পরিচ্ছন্নতার চরম সংকট স্পষ্ট হয়ে ওঠে।
যত্রতত্র প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের উচ্ছিষ্ট আর নির্মাণবর্জ্যের স্তূপ।সামান্য বৃষ্টিতেই নর্দমা আটকে জলাবদ্ধতা তৈরি হয়, আর অপরিশোধিত বর্জ্য নদী-খালে মিশে পরিবেশকে বিষাক্ত করে তোলে।বিশ্বব্যাংকের প্রতিবেদনেও ঢাকার কঠিন বর্জ্য ও বর্জ্যপানি ব্যবস্থাপনাকে বড় নগর চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সূত্র: প্রথম আলো