‘আইতাছে রে আইতাছে, শেখের বেটি আইতাছে’—এমন স্লোগান দিয়ে একটি মিছিলের ৪০ সেকেন্ডের ভিডিও পোস্ট করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে। ২৫ নভেম্বর পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, ‘বনানীতে মা–বোনদের নেতৃত্বে জনতার মিছিল’।তবে যাচাই করে দেখা গেছে, এটি বনানীতে ‘মা–বোনদের’ নেতৃত্বে হওয়া কোনো মিছিলের দৃশ্য নয়।
২৫ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের একটি মিছিলের ভিডিও এটি।একই দাবিতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়েছেন আওয়ামী লীগ ও এর সমর্থকগোষ্ঠীর বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা। তাঁদের মধ্যে নিষিদ্ধ ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতিও রয়েছেন।
শুধু ফেসবুকেই ৩৫টির বেশি পেজ ও প্রোফাইল থেকে ভিডিওটি বনানীর মিছিলের দৃশ্য বলে প্রচার করা হয়েছে।বনানীর দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটির সঙ্গে মিল পাওয়া যায় ‘digbijoy24.com’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা মিছিলের ভিডিও।২৫ নভেম্বর পোস্ট করা চার মিনিটের বেশি সময়ের ওই ভিডিওতে বনানীর দাবিতে প্রচারিত ৪০ সেকেন্ডের ভিডিওতে উপস্থিত নারীদেরও দেখা যায়।
সূত্র: প্রথম আলো