সংবাদ প্রতিবেদনে দলীয় পদ-পদবি উল্লেখ করা নিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে এক সাংবাদিককে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের এক নেতার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরের ওই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ওই সাংবাদিক চিরিরবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযুক্ত সালেহীন সুলতান চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি।
তিনি এলাকায় মাটি ও বালুর ব্যবসা করেন। হুমকির শিকার সাংবাদিক মো. ইমরান আলী দৈনিক আজকের পত্রিকার চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি।ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে সালেহীন ও ইমরান আলীকে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। ভিডিওতে সালেহীনকে বলতে শোনা যায়, ‘ওখানে কেউ গেছিল যুবদলের? ওর (অমরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাহানুর রহমান) জমি আছে, ও গেছে। ওর নাম দিবা, ওর পদবি দিছ কেন?
নিজেকে খুব সেয়ানা মনে করো?’ একপর্যায়ে তিনি বলেন, ‘একবারে ফাটায় ফেলব!
সূত্র: প্রথম আলো