বিশ্বের বড় বড় কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে টেলিভিশনে (টিভি) বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের কাছে নিজেদের পণ্যের প্রচার চালিয়ে আসছে। এ জন্য তারা নামীদামি তারকাদের দিয়ে বিজ্ঞাপন তৈরি করত। সেই জায়গার অনেকটাই এখন দখল করে নিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় মুখগুলো, যাঁদের বলা হয় ইনফ্লুয়েন্সার।
বিজ্ঞাপন জগতে এই পরিবর্তনের বড় উদাহরণ হয়ে উঠেছে বিশ্বের অন্যতম বৃহৎ এফএমসিজি তথা দৈনন্দিন ব্যবহার্য ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার। পণ্যের প্রচারে প্রতিষ্ঠানটি এখন বিশ্বজুড়ে পাঁচ লাখের বেশি কনটেন্ট নির্মাতার সঙ্গে কাজ করছে। অন্যদিকে কমিয়ে আনছে টিভি বিজ্ঞাপনের পেছনে ব্যয়। ডাভ, ভ্যাসলিন ও হেলম্যানসের মতো জনপ্রিয় ব্র্যান্ডের মালিক ইউনিলিভার চলতি বছর যুক্তরাজ্যে টেলিভিশন বিজ্ঞাপনের ব্যয় অর্ধেকের বেশি কমিয়েছে।
এতে দেশটির কয়েকটি বড় টেলিভিশন চ্যানেলের বিজ্ঞাপন আয় উল্লেখযোগ্য হারে কমেছে।
সূত্র: প্রথম আলো