জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা মনে করছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁদের দলীয়ভাবে আলাদা মতবিনিময় করার বিষয়টি ভালোভাবে নেয়নি জামায়াতে ইসলামী। ১১–দলীয় ঐক্যের সবচেয়ে বড় দল জামায়াত চেয়েছিল, প্রধানমন্ত্রীর সঙ্গে তারা বসবে জোটগতভাবে। এখন নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ নিয়েও কার্যত ভিন্ন অবস্থান নিয়েছে জামায়াত ও এনসিপি।নির্বাচন কমিশন এরই মধ্যে নিবন্ধিত দলগুলোকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছে।
সংলাপের প্রথম দিনে রোববার ১১–দলীয় ঐক্যের তিনটি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। দল তিনটি হলো—জামায়াত, এলডিপি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন। অন্য দলগুলোকে ডাকা হয়েছে পরের দুই দিন। জামায়াত নেতৃত্বাধীন জোটের শরিক এনসিপি ও আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) সংলাপের আমন্ত্রণ জানানো হয়েছে আগামী ১ ডিসেম্বর।জামায়াতসহ ১১–দলীয় ঐক্যের বেশির ভাগ দল চাইছে, ইসির সঙ্গে সংলাপ হবে জোটগতভাবে। তবে এনসিপি এককভাবেই সংলাপে যেতে চায়।
প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা মতবিনিময়ের পর এখন ইসির সংলাপে এনসিপির আলাদাভাবে যেতে চাওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।এমন পরিস্থিতির মধ্যে শুক্রবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১–দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক হয়।
সূত্র: প্রথম আলো