প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এককভাবে নয়, ১১-দলীয় ঐক্য বা জোটগতভাবে আলোচনায় বসতে চায় জামায়াতে ইসলামী। এই প্রস্তাবে সরকারও ইতিবাচক বলে জানা গেছে। তবে আলোচনার স্থান ও তারিখ এখনো চূড়ান্ত হয়নি। জামায়াতের নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট ১১–দলীয় ঐক্য বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কার্যক্রমের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান যে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক দিয়েছেন, তাতে তারা সাড়া দিতে প্রস্তুত।
যদিও এ ক্ষেত্রে তাদের কিছু শর্ত রয়েছে। তারা চায়, প্রধানমন্ত্রীর দপ্তরের বদলে অন্য কোনো স্থানে সংলাপ বা আলোচনা হোক। সেটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বা ফরেন সার্ভিস একাডেমিতে হতে পারে বলে মনে করে বিরোধী দল। এ নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ চলছে বলে জামায়াতের দলীয় সূত্র জানিয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যে পৃথকভাবে বৈঠক করলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জোটগত আলোচনায় অংশ নেবে বলে ১১-দলীয় ঐক্য–সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র: প্রথম আলো