রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে ২৪ ঘণ্টায় ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ৩৫টি মামলা করা হয়েছে।
এ সময় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, নয়টি গুলি, একটি অবিস্ফোরিত ককটেল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।আজ শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডিএমপির মিরপুর বিভাগে সবচেয়ে বেশি, ১৬৫ জন রয়েছেন।
এ ছাড়া ওয়ারী বিভাগে ৭৮ জন, তেজগাঁও বিভাগে ৬৪, লালবাগ বিভাগে ৫৭, মতিঝিল বিভাগে ৫২, গুলশান বিভাগে ৫০, উত্তরা বিভাগে ৪২, রমনা বিভাগে ৩৮ এবং গোয়েন্দা বিভাগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, নয়টি গুলি, একটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ১০টি ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।
সূত্র: প্রথম আলো