সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র হালিমুল হককে গ্রেপ্তার করতে গিয়ে গ্রামবাসীর বাধার মুখে পড়ে পুলিশ। পরে তাঁকে গ্রেপ্তার না করেই ফিরে যায় পুলিশ।গতকাল শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে শাহজাদপুর পৌর শহরের নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
তবে বাধার মুখে ফিরে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।হালিমুল হক ওই এলাকার বাসিন্দা এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র। গতকাল পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে গেলে কয়েক শ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করেন।
সন্ধ্যার পর এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।স্থানীয় একাধিক বাসিন্দার ভাষ্য, হালিমুল হককে গ্রেপ্তার করতে পুলিশ এসেছে, এমন খবর ছড়িয়ে পড়লে গ্রামের কয়েক শ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে গ্রেপ্তারে বাধা দেন।
সূত্র: প্রথম আলো